কাঁচা আমের মজাদার মোরব্বা
আম সকলের কাছেই প্রিয় একটি ফল। আর আম দিয়ে যদি করা যায় মোরব্বা তাহলে তো কথাই নেই । আমের মোরব্বা খেতে কে না পছন্দ করে । বাজারে এখন কাঁচা আম বেশ সহজলভ্য। তাই এখনই সেরা সময় আমের মোরব্বা তৈরি করে বছরব্যাপী সংরক্ষণ করা যাবে । আপনি চাইলেই ঘরেই খুব সহজে তৈরি করা যায় আমের মোরব্বা। তাও আবার কয়েকটি উপকরণ দিয়েই ঝামেলা ছাড়াই করা যাবে আমের মোরব্বা।
আসুন জেনে নেই মোরব্বা তৈরির সবচেয়ে সহজ রেসিপি-
উপকরণ :
বড় কাঁচা আম ১২-১৫টি,
চিনি দেড় কেজি – ২ কেজি,
ফিটকিরি গুঁড়া ১ চা চামচ,
পানি পরিমাণমতো,
তেজপাতা ২-৩টি,
এলাচ ১-২ টি,
চুন ভেজানো হাফ চা চামচ এবং
লবণ স্বাদমতো।
তৈরির পদ্ধতি :
প্রথমে আম গুলো ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে । এরপর আম ২ টুকরা করে কেটে নিতে হবে । এবার আঁটি ফেলে আম পানিতে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ । এখন কাঁটা চামচ দিয়ে আমগুলো ভালো করে কেচে নিন। তারপর আমগুলো আবার পরিষ্কার পানিতে কিছুক্ষণ রাখুন। এভাবে ঘণ্টাখানেক পরপর ২-৩ বার পানি বদলে নিতে হবে । পরিষ্কার পানিতে চুন ও ফিটকিরি গুনিয়ে নিন । চুন ও ফিটকিরি গোলানো পানিতে ২- ৩ ঘণ্টা ডুবিয়ে রাখুন আমগুলো ।
এখন পানি থেকে আমগুলো তুলে ফুটানো পানিতে জ্বাল দিয়ে পানি ঝরিয়ে রাখুন। অন্যদিকে একটি পাত্রে চিনিতে পরিমাণমতো পানি দিয়ে সিরা তৈরি করে নিন । সিরায় আমসহ সব কিছু দিয়ে জ্বাল দিতে থাকুন কিছুক্ষণ । যখন চিনি থেকে পানি শুকিয়ে আমের গায়ে আঠালো ভাব আসবে তখন নামিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন আমের মোরব্বা। আপনি চাইলে ফ্রিজে রেখে বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবেন এই মোরব্বা।




